সপ্তম শ্রেণি · তথ্য ও যোগাযোগ প্রযুক্তি · তৃতীয় অধ্যায়
নিরাপদ ও নৈতিক ব্যবহার
ঘরে বসে ইন্টারনেটে ঢুকলেই যেন পুরো পৃথিবী তোমার ছোট্ট ঘরে হাজির হয়। বই এই জায়গাটাকে বলেছে সাইবার জগৎ। নতুন কোনো দেশে যেতে পাসপোর্ট লাগে, আর সে দেশের নিয়ম মানতে হয়। এই অধ্যায়ে তুমি সাইবার জগতের নিয়ম শিখবে, আর প্রতিটি কাজ শেষ করে পাসপোর্টে একটি করে ভিসা সিল পাবে।
পাশে তোমার পাসপোর্ট খুলছে। ছয়টি পাতা মানে এই অধ্যায়ের ছয়টি বিষয়: সচেতন ব্যবহার, আসক্তি, সামাজিক নেটওয়ার্ক, কপিরাইট, নৈতিকতা আর প্লেজিয়ারিজম।
এই অধ্যায়ে আমরা শিখব
মাত্রাতিরিক্ত ইন্টারনেট ব্যবহারের ক্ষতিকর দিকগুলো ব্যাখ্যা করতে
সামাজিক ক্ষেত্রে এর প্রভাব বর্ণনা করতে
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের আইন (কপিরাইট, হ্যাকিং, প্রতারণা) ব্যাখ্যা করতে
নিরাপদ ও নৈতিক ব্যবহার কেন দরকার, তা বুঝিয়ে বলতে
মাত্রাতিরিক্ত ইন্টারনেট ব্যবহারের পরিণতি নিয়ে কার্টুন আঁকতে
প্রবেশপথ · গল্প দিয়ে শুরু
ছুরি না দা?
নানাবাড়ির উঠানে আমগাছের একটা ডাল ঝুঁকে পড়েছে। নানা তোমাকে বললেন ডালটা কেটে ফেলতে। হাতে যদি থাকে ছোট একটা ছুরি, সারাদিন খুঁচিয়ে খুঁচিয়ে তুমি বাকল একটুখানি তুলতে পারবে, তার বেশি কিছু না। আর যদি থাকে ধারালো দা, কয়েক কোপেই ডাল কাটা শেষ।
যন্ত্রের ক্ষমতা আর সাবধানতা
একটা যন্ত্র বেছে নাও, তারপর "সাবধানে" বা "অসাবধানে" চাপো। কতটা কাজ হলো আর কতটা বিপদ হতে পারে, দুটো দাগে দেখো।
কাজের ক্ষমতা
অসাবধান হলে বিপদ
বইয়ের কথা: ছোট কাঠি থেকে ধারালো দায়ের ক্ষমতা অনেক বেশি তাই সচেতনভাবে সেটা ব্যবহার করে অনেক বড় কাজ করা যাবে– কিন্তু অসচেতনভাবে সেটা ব্যবহার করলে অনেক বড় বিপদ হয়ে যেতে পারে।
বই বলছে, জীবনের সবকিছুর বেলাতেই এটা সত্যি, আর সবচেয়ে বেশি সত্যি তথ্য প্রযুক্তির বেলায়। প্রযুক্তির ক্ষমতা অনেক বেশি, তাই ভুল করে ব্যবহার করলে অনেক বড় সর্বনাশ হয়ে যেতে পারে।
ভিসা ১ · পাঠ ১৯
সচেতন ব্যবহার
অনেকের কাছে কম্পিউটারের মূল ব্যবহারই হয়ে দাঁড়িয়েছে ইন্টারনেট। ইন্টারনেটে পৃথিবীর সব কম্পিউটার যুক্ত, তাই ঘরে বসে ইন্টারনেটে ঢুকলে মনে হয় পুরো পৃথিবী তোমার ঘরে হাজির। পৃথিবীতে যেমন অনেক সুন্দর জায়গা আছে, তেমনি অনেক ভয়ংকর বিপজ্জনক জায়গাও আছে, যেখান থেকে একশ হাত দূরে থাকতে হয়। ইন্টারনেটেও চমৎকার ওয়েবসাইটের পাশাপাশি অনেক বিপজ্জনক ওয়েবসাইট আছে, যেগুলো কোনোভাবেই তোমার দেখা উচিত না।
শুধু ওয়েবসাইট নয়। ইন্টারনেটে যোগাযোগ করতে গিয়ে হঠাৎ সম্পূর্ণ অপরিচিত মানুষের সাথেও যোগাযোগ হয়ে যেতে পারে। সরল বিশ্বাসে কথা বলে যদি দেখো মানুষটি আসলে অসৎ উদ্দেশ্যে হানা দিয়েছে, আর তুমি তাকে নাম, ঠিকানা, ফোন নম্বর, ছবি দিয়ে বসে আছ, তখন কী করবে?
প্রথম নিয়ম: কাজেই কম্পিউটারে ইন্টারনেট ব্যবহার করার প্রথম নিয়মটিই হচ্ছে কখনো অপরিচিত মানুষকে নিজের পরিচয়, নাম, ঠিকানা আর পাসওয়ার্ড দিতে হয় না।
অচেনা কেউ লিখছে…
একজন অপরিচিত মানুষ তোমাকে বার্তা পাঠাচ্ছে। প্রতিটি বার্তার জবাবে দুটো উত্তরের একটা বেছে নাও। (এটা শুধু অনুশীলন — কোনো বার্তা কোথাও যায় না।)
ইন্টারনেটে অপরিচিত মানুষদের সাথে যোগাযোগে আরও বিপদ আছে। যেহেতু কেউ দেখছে না, তাই কথাবার্তা অনেক সময় অসংযত হয়ে যেতে পারে, শালীনতা ছাড়িয়ে যেতে পারে। আবার বয়সের উপযোগী নয় এমন কিছু হঠাৎ সামনে চলে এলে তুমি রীতিমতো ধাক্কা খেতে পারো, তোমার মনটাই বিষিয়ে যেতে পারে। কাজেই সতর্ক থাকা ভালো। বই তিনটি নিয়ম দিয়েছে:
ইন্টারনেট কখনো একা অন্যদের চোখের আড়ালে ব্যবহার করবে না, এমন জায়গায় বসে ব্যবহার করবে যেখানে সবাই তোমার কম্পিউটারের স্ক্রিন দেখতে পায়।
ভুলেও কোনো অপরিচিত মানুষকে নিজের নাম, পরিচয়, ছবি বা পাসওয়ার্ড দেবে না।
ইন্টারনেট ব্যবহার করবে আনন্দের জন্য, কারো ক্ষতি করার জন্য নয়– তোমাকে হয়তো কেউ দেখছে না তবুও কখনো অসংযত হবে না, রূঢ় হবে না, অশালীন হবে না।
নিয়ম ১: কম্পিউটারটা কোথায় রাখবে?
নিচে একটা বাসার নকশা। কম্পিউটার কোন ঘরে রাখলে সবচেয়ে ভালো? একটা ঘরে চাপ দাও।
নিয়ম ৩: কেউ দেখছে না, তবুও…
অনলাইনে কেউ তোমার আঁকা ছবি নিয়ে খোঁচা দিয়ে মন্তব্য করেছে। প্রতিটি পরিস্থিতিতে কোন জবাবটা নিয়ম মেনে চলে?
দলগত কাজ: তিন নিয়মের পোস্টার আর সচেতনতার তালিকা
(১) কম্পিউটার-ইন্টারনেট ছাড়াও জীবনে আর কোন কোন প্রযুক্তি সচেতনভাবে ব্যবহার করা উচিত? টিক দাও, নিজেরটাও যোগ করো। (২) পোস্টারের রং আর শিরোনাম বেছে নাও — তিনটি নিয়ম নিজে থেকেই বসে যাবে।
মনে রাখো প্রযুক্তির ক্ষমতা বেশি, তাই সচেতন হয়ে ব্যবহার করতে হয়। সবার সামনে বসে ইন্টারনেট, অপরিচিতকে কোনো তথ্য বা পাসওয়ার্ড নয়, আর কেউ না দেখলেও রূঢ় বা অশালীন নয়।
নতুন শিখলাম: সাইবার জগৎ, বিপজ্জনক ওয়েবসাইট, পাসওয়ার্ড।
ভিসা ২ · পাঠ ২০–২২
আসক্তি
কোনো কিছু ভালো লাগা খুবই স্বাভাবিক — অনেক কিছু ভালো লাগে বলেই জীবন এত সুন্দর। কিন্তু আসক্তি (Addiction) সম্পূর্ণ অন্য ব্যাপার।
আসক্তি: আসক্তি সম্পূর্ণ অন্য ব্যাপার। তার মাঝে ভালো কিছু নেই! কেউ যখন কোনো কিছুতে আসক্ত হয়ে যায় তখন তার কাছে যুক্তি কাজ করে না। সে সম্পূর্ণ অযৌক্তিকভাবে সেই কাজটি করতে থাকে।
মাদক হচ্ছে আসক্তির সবচেয়ে বড় উদাহরণ। কেউ মাদকে আসক্ত হলে তার ভয়ংকর আকর্ষণ থেকে বের হতে পারে না, নিজের আর আশপাশের সবার জীবন ধ্বংস করে দেয়। বইয়ে আসক্তির তিনটি সত্যি ঘটনা আছে — খুলে দেখো।
বইয়ের তিনটি ঘটনা
পড়া হয়েছে: ০ / ৩
কীভাবে বুঝবে: কোনো একটা বিষয়ে আসক্ত হয়েছে কি না সেটা কীভাবে বোঝা সম্ভব? কাজটি মোটেও কঠিন নয়– যখনই দেখবে কেউ একজন কোনো একটি কাজে মাত্রা ছাড়িয়ে ফেলছে তখনই বুঝবে সে সেই কাজে আসক্ত হয়ে গেছে।
এক সময় আসক্তি শব্দটা ব্যবহার হতো জুয়া খেলা বা মাদকের জন্য। শুনে অবাক হবে, এখন অতিরিক্ত কম্পিউটার ব্যবহারও আসক্তি হিসেবে ধরা হয়। যারা খুব বেশি ইন্টারনেট ব্যবহার করে তাদের জন্য একটা নতুন নামই তৈরি হয়েছে: IAD বা Internet Addiction Disorder।
প্রয়োজন, না আসক্তি?
বইয়ে আসক্তির কয়েকটি লক্ষণ বলা আছে। কাল্পনিক বন্ধু "তানিম"-এর এক সপ্তাহের অভ্যাস পড়ে যেগুলো সত্যি মনে হয় টিক দাও। কাঁটাটা কোন দিকে যায় দেখো।
কম্পিউটারের আসক্তির কুফল কী? কম বয়সি ছেলেমেয়েদের বেড়ে উঠতে মাঠে ঘাটে ছোটাছুটি করতে হয়, খেলতে হয়। সেই সময়টা ঘরের কোণে কম্পিউটারের সামনে মাথা গুঁজে বসে থাকলে মোটেই ভালো নয়। যারা সত্যি আসক্ত হয়ে যায়, তারা কম্পিউটারের বাইরে চিন্তাও করতে পারে না, এর পেছনে নিজের বা বাবা-মায়ের টাকা খরচ করাতে শুরু করে।
বইয়ের কথা: কম্পিউটার খুব চমৎকার একটা যন্ত্র, তার ব্যবহার যেন হয় প্রয়োজনে– কখনোই যেন তাতে আসক্তি জন্মে না যায়।
সময় ঠিক করো, সময় অর্জন করো
কেউ আসক্ত হয়ে গেলে তাকে বের করে আনা সবার দায়িত্ব। বই তিনটি উপায় বলেছে: বাইরের জগৎ থেকে আনন্দ পাওয়া শেখানো (সবচেয়ে সুন্দর খেলাধুলা), দিনে কতক্ষণ কম্পিউটার চালাবে তা ঠিক করে দেওয়া (যেমন এক ঘণ্টার বেশি নয়), আর অন্য একটা কাজ করে সেই সময়টুকু অর্জন করা। নিচে আগে কাজ করো, তারপর কম্পিউটারের সময় খরচ করো।
কাজ করে মিনিট জমাও
কম্পিউটারে খরচ করো
তানিমের দুই সপ্তাহ
প্রথম সপ্তাহে তানিমের কোনো নিয়ম ছিল না। দ্বিতীয় সপ্তাহে বাসায় ঠিক হলো "এক ঘণ্টার বেশি নয়" আর বিকেলে খেলা। (সংখ্যাগুলো উদাহরণের জন্য আমাদের বানানো, বইয়ের নয়।) বোতাম চেপে সপ্তাহ বদলাও।
বইয়ের কথা: মনে রাখতে হবে–কম্পিউটার খুব একটা প্রয়োজনীয় যন্ত্র। আমরা সেটাকে ব্যবহার করব, কিন্তু সেটা যেন কখনো আমাদের ব্যবহার না করে।
মনে রাখো কোনো কাজে মাত্রা ছাড়ালেই আসক্তি। পরিবারকে সময় না দেওয়া, লেখাপড়ায় ক্ষতি, ঘুম কমে যাওয়া — এগুলো লক্ষণ। একবার আসক্ত হলে বের হওয়া খুব কঠিন, তাই সবচেয়ে ভালো কোনো কিছুতেই আসক্ত না হওয়া।
সামাজিক যোগাযোগ নেটওয়ার্ক
প্রযুক্তির জগতে নতুন এক ধরনের আসক্তি দেখা দিয়েছে: সামাজিক যোগাযোগ নেটওয়ার্ক। এরকম অনেক নেটওয়ার্ক আছে, যেমন ফেসবুক, এক্স, লিংকডইন, ইউটিউব। ফেসবুক সারা পৃথিবীর কোটি কোটি মানুষ ব্যবহার করে; বাংলাদেশেও অসংখ্য মানুষ ব্যবহার করে, আর সংখ্যাটা দিনদিন বাড়ছে।
কোনো তথ্য ছড়িয়ে দিতে এই নেটওয়ার্কগুলোর কোনো তুলনা নেই। যেসব দেশে গণতন্ত্র নেই, সেখানে সাধারণ মানুষ এর মাধ্যমে সংগঠিত হয়ে আন্দোলন শুরু করতে পারে। বই বলছে, ২০২৪ সালে বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন ও গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরশাসকের পতনে সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার ছিল খুব গুরুত্বপূর্ণ।
সাধারণত একটা নির্দিষ্ট বয়স না হলে এসব নেটওয়ার্কে যোগ দেওয়া যায় না, তবুও অনেক কমবয়সি নিজের সম্পর্কে ভুল তথ্য দিয়ে যোগ দেয়। কেন সেটা ঠিক নয়? প্রথম কারণ, এখানে একজন আরেকজনকে সামনাসামনি দেখতে পায় না, তাই ছোটরা কাদের সাথে মিশছে বোঝা যায় না। কমবয়সিরা প্রাপ্তবয়স্ক বড় মানুষদের সাথে ওঠাবসা করলে সেটা তাদের জন্য ভালো নাও হতে পারে।
পর্দার "বন্ধু" না সত্যিকারের বন্ধু?
বই বলছে: সামাজিক নেটওয়ার্কের বন্ধু আর সত্যিকারের বন্ধুর মাঝে অনেক পার্থক্য। প্রতিটি কার্ড কোন বন্ধুর কথা বলছে?
পর্দার "বন্ধু"
সত্যিকারের বন্ধু
শুধু ছোটরা নয়, বড়দের জন্যও এখন সমস্যা হয়ে দাঁড়িয়েছে সামাজিক নেটওয়ার্কে আসক্তি। কোনো কাজ না করে ঘণ্টার পর ঘণ্টা কাটিয়ে দেওয়া এত বড় সমস্যা হয়েছে যে অনেক অফিসে এটি বন্ধ করে দেওয়া হয়েছে। জোর করে বন্ধ করা এক ধরনের সমাধান, কিন্তু ভালো সমাধান নয়।
ভালো সমাধান: ভালো সমাধান হচ্ছে যখন কোনো মানুষ তার নিজের বিচার বিবেচনা বুদ্ধি দিয়ে কোনো কিছু পরিমিতভাবে করে। আসক্ত হয়ে বিবেকহীনভাবে তা করে না।
দলগত কাজ: বিতর্কের প্রস্তুতি
বিষয়: "আমাদের ক্লাসের ছেলেমেয়েদের সামাজিক নেটওয়ার্কে যোগ দেওয়া উচিত।" প্রতিটি যুক্তি কোন পক্ষের, তা বেছে নাও। তারপর নিজের দলের জন্য যুক্তিগুলো নিয়ে প্রস্তুতি নাও।
পক্ষে
বিপক্ষে
মনে রাখো সামাজিক নেটওয়ার্কে তথ্য পাঠানোই বন্ধুত্ব নয়। সত্যিকারের বন্ধুত্ব আরও গভীর, আন্তরিক আর বাস্তব। তথ্য প্রযুক্তির বন্ধুত্বে সন্তুষ্ট থাকলে জীবনের অনেক বড় কিছু থেকে বঞ্চিত হতে হয়।
মানুষের জীবনে দুই ধরনের সম্পদ দরকার হয়। একটা সহজেই বোঝা যায়, যেটা স্পর্শ করা যায়: বাড়ি, গাড়ি, টাকা পয়সা, জামা কিংবা খাবার। কিন্তু মানুষ শুধু এতে তৃপ্ত হয় না — সে গান শোনে, কবিতা আবৃত্তি করে, গবেষণা করে, নতুন পণ্য ও সেবা দিয়ে জীবন সহজ করে। এসব বুদ্ধিভিত্তিক কাজ থেকে যে সম্পদ তৈরি হয়, তাকে বলে বুদ্ধিবৃত্তিক সম্পদ।
কোন সম্পদ কোন দলে?
প্রতিটি জিনিস স্পর্শ করা যায় এমন বস্তুগত সম্পদ, নাকি বুদ্ধিবৃত্তিক সম্পদ?
বস্তুগত সম্পদ কেউ চাইলেই নিয়ে যেতে পারে না, একই রকম বানাতেও পারে না — আলাদিনের দৈত্য দিয়ে কেউ তোমার বাড়ি তুলে নিয়ে যেতে পারবে না! কিন্তু তুমি একটা গান লিখে সুর করে বন্ধুদের শোনালে কেউ সেটা নিজের গান বলে চালিয়ে দিতে পারে, তোমার অনুমতি ছাড়া বিভিন্ন জায়গায় গাইতে পারে। তাহলে যারা সৃজনশীল কাজ করে, তারা কাজের যথাযথ স্বীকৃতি পায় না, আর্থিক লাভের কথা থাকলে সেটাও পায় না।
একটি বইয়ের যাত্রা আর রয়ালটি
ধাপগুলো একে একে চাপো। শেষে দেখো কেউ লেখককে না জানিয়ে বই কপি করে বিক্রি করলে কী হয়।
কপিরাইট: পৃথিবীর দেশে দেশে তাই সৃজনশীল সৃষ্টিকর্মের কপি বা পুনরুৎপাদন, অবৈধ ব্যবহার ইত্যাদি বন্ধের জন্য আইনের বিধান রাখা হয়। যেহেতু এই আইন কপি বা পুনরুৎপাদনের অধিকার সংরক্ষণ নিয়ে তৈরি তাই এটিকে কপিরাইট (Copyright) আইন বা সংক্ষেপে কপিরাইট বলে।
মুদ্রণযন্ত্র আবিষ্কারের পর বই নকল করা সহজ হয়ে যায়। ছাপার ব্যাপারে নিয়ম করতে যুক্তরাজ্যে ১৬৬২ সালে ছাপাখানার লাইসেন্সের আইন (Licensing of the Press Act 1662) হয়। আর লেখকদের অধিকার রক্ষায় সর্বপ্রথম পূর্ণাঙ্গ কপিরাইট আইন পাস হয় যুক্তরাজ্যে ১৭১০ সালে — নাম "স্ট্যাটিউট অব অ্যান" (Statute of Anne)। বইয়ে ছাপা আছে ১৬৬২ সালের Licensing of the Press Act-ই প্রথম কপিরাইট আইন; সঠিক হলো — ওটা ছাপাখানার লাইসেন্সের আইন, প্রথম পূর্ণাঙ্গ কপিরাইট আইন ১৭১০ সালের স্ট্যাটিউট অব অ্যান। দুটোই যুক্তরাজ্যের। পরে দেখা গেল আবিষ্কার, ব্যবসার মার্কা — এসব বুদ্ধিভিত্তিক সম্পদ বা মেধাস্বত্ব রক্ষাও দরকার। কম্পিউটার আর ইন্টারনেট আসার পর পুনরুৎপাদন খুব সহজ হলো, তাই কম্পিউটারে পুনরুৎপাদন আর বিতরণও এখন এই আইনের আওতায়। কম্পিউটারের প্রোগ্রামও সৃজনশীল কাজ, তাই প্রোগ্রামের নির্মাতাও অধিকার রক্ষা করতে পারেন।
কপিরাইট কত দিন থাকে?
কপিরাইট স্রষ্টার মৃত্যুর পরও বলবৎ থাকে। সাধারণত মৃত্যুর পর ৫০ থেকে ৭০ বছর, কোনো কোনো দেশে ১০০ বছর পর্যন্ত। বাংলাদেশের কপিরাইট আইনে (কপিরাইট আইন ২০০০) মেয়াদ ৬০ বছর। একজন কাল্পনিক লেখকের মৃত্যুর সাল বেছে নাও।
কপিরাইট ভঙ্গ করে কোনো সৃজনশীল কাজের কপি করা হলে তাকে বলে চোরাই (Pirated) কপি। কম্পিউটারের জিনিস সহজে কপি করা যায় বলে এগুলোরই চোরাই কপি পাওয়া যায় সবচেয়ে বেশি। তবে কিছু কিছু ক্ষেত্রে সৃজনশীল কাজ ব্যবহারের স্বাধীনতাও থাকে। বিশেষ করে একাডেমিক বা পড়াশোনার কাজে আমরা বইয়ের যে ফটোকপি করি, তা কপিরাইট আইন ভঙ্গ করে না। এরকম ব্যবহারকে বলা হয় ফেয়ার ইউজ।
বিচারকের আসনে তুমি
প্রতিটি ঘটনায় রায় দাও: ঠিক আছে, নাকি কপিরাইট ভঙ্গ?
ঠিক রায়: ০ / ০
মুক্ত দর্শন: কপিলেফট, ক্রিয়েটিভ কমন্স, ওপেন সোর্স
কপিরাইটের এই সংরক্ষণবাদী মনোভাবের বিরুদ্ধে একটি ভিন্নধর্মী ধারণাও এখন বেশ চালু। এর মূল কথা: কোনো লেখক, শিল্পী, প্রোগ্রামার বা নাট্যকার ইচ্ছে করলে তার কাজ শর্তসাপেক্ষে কপি করার জন্য উন্মুক্ত করে দিতে পারেন। এই দর্শনকে বলা হয় মুক্ত দর্শন বা ওপেন সোর্স ফিলসফি (Open Source Philosophy)।
কপিলেফট ও ক্রিয়েটিভ কমন্স: এর মধ্যে কপিরাইটের একেবারে উল্টোটি হলো কপিলেফট (Copyleft)। যার অর্থ সৃজনশীল কর্মের স্রষ্টা সবাইকে এই কাজ কপি করার সানন্দ অনুমতি দিচ্ছেন। কপিরাইট আর কপিলেফটের মাঝখানে রয়েছে সৃজনী সাধারণ বা ক্রিয়েটিভ কমন্স (Creative Commons)।
মুক্ত দর্শনের আওতায় যে সফটওয়্যার প্রকাশিত হয়, তাকে বলে মুক্ত সফটওয়্যার বা ওপেন সোর্স সফটওয়্যার (Open Source Software)। এগুলো একজন অন্যজনকে সহজে কপি করে দিতে পারে, ব্যবহারও করতে পারে। সবাই কপি আর পরিবর্তন করতে পারে বলে সারা বিশ্বের মানুষ মিলে এগুলোকে খুব শক্তিশালী করে গড়ে তোলে। এই দর্শনের আরেকটি বড় প্রকাশ হলো মুক্ত জ্ঞানভান্ডার উইকিপিডিয়া (www.wikipedia.org)।
মনে রাখো কপিরাইট সৃজনশীল কাজের কপি বা পুনরুৎপাদনের অধিকার রক্ষা করে; বাংলাদেশে মেয়াদ ৬০ বছর। পড়াশোনার জন্য ফটোকপি ফেয়ার ইউজ। কপিলেফট মানে সবাইকে কপির সানন্দ অনুমতি; মাঝখানে ক্রিয়েটিভ কমন্স।
নতুন শিখলাম: কপিরাইট, কপিলেফট, ক্রিয়েটিভ কমন্স, ওপেন সোর্স সফটওয়্যার, Pirated, ফেয়ার ইউজ, মুক্ত দর্শন।
ভিসা ৪ · পাঠ ২৪–২৬
নৈতিকতা ও প্লেজারিজম
রাস্তা দিয়ে হাঁটার সময় দুই পাশের দোকানগুলো আমরা বাইরে থেকে দেখি, কিন্তু প্রত্যেকটার দরজা ধাক্কা দিয়ে দেখি না খোলা আছে কি না। দরজা খোলা পেলেও অপরিচিত মানুষের ঘরে ঢুকে যাই না। বরং কেউ দরজা ভুলে খোলা রেখে গেলে তাকে ডেকে এনে বলি দরজাটা বন্ধ করে যেতে। সভ্য মানুষ হিসেবে এটা আমাদের নৈতিক দায়িত্ব।
ইন্টারনেটে ঠিক এরকম পরিবেশ। প্রতিটি ওয়েবসাইটের একটা অংশ সবার দেখার জন্য, আর একটা নিজস্ব বা গোপন অংশ, যেখানে নির্দিষ্ট মানুষ গোপন পাসওয়ার্ড দিয়ে ঢোকে। যাদের অনুমতি নেই, তারাও কখনো কখনো পাসওয়ার্ড পাশ কাটিয়ে ঢোকার চেষ্টা করে।
হ্যাকিং: পাসওয়ার্ড জানা না থাকলেও সেটাকে পাশ কাটিয়ে অনেক সময় কেউ ওয়েবসাইটের ভেতরে ঢুকে যায়। সেখানে ভেতরে ঢুকে সে কোনো কিছু স্পর্শ না করে বের হয়ে আসতে পারে– আবার কোনো কিছু পরিবর্তন করে বা নষ্ট করেও চলে আসতে পারে। … এই প্রক্রিয়াটার নাম হচ্ছে হ্যাকিং।
সাদা টুপি না কালো টুপি?
কেউ শুধু কৌতূহলী হয়ে অন্যের ওয়েবসাইটে ঢুকে কোনো ক্ষতি না করে বের হয়ে এলে তাকে বলে সাদা টুপি হ্যাকার (White hat hacker)। আর কিছু ক্ষতি করে, নষ্ট করে এলে কালো টুপি হ্যাকার (Black hat hacker)। প্রতিটি ঘটনায় হ্যাকারকে ঠিক টুপি পরাও।
মনে রাখার মতো: বুঝতেই পারছ হ্যাকিং অনৈতিক কাজ। বুদ্ধিমত্তা পরীক্ষা করতে বা বড় কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হতে সবারই ইচ্ছে করে কিন্তু ওয়েবসাইটের হ্যাক করা সেরকম চ্যালেঞ্জ নয়। অনৈতিক চ্যালেঞ্জ নেয়ার কোনো কৃতিত্ব নেই।
ওয়েবসাইটে বেআইনিভাবে ঢোকা দিনদিন কঠিন হচ্ছে, নিরাপত্তা প্রতি মুহূর্তে বাড়ানো হচ্ছে। তবুও হ্যাকাররা বসে নেই — ১৯৮৩ সালে মাত্র ১৯ বছরের একটা ছেলে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনীর আন্তর্জাতিক যোগাযোগের নিরাপত্তা ভেদ করে ঢুকে গিয়েছিল।
ফল প্রকাশের দিন: ওয়েবসাইট কেন অচল হয়?
এসএসসি বা এইচএসসির ফল প্রকাশের মুহূর্তে সবাই একসাথে ওয়েবসাইটে ঢোকে। সবকিছুর একটা ধারণ ক্ষমতা থাকে। স্লাইডার টেনে মানুষ বাড়াও, তারপর দুটি পরিস্থিতি তুলনা করো। (সংখ্যাগুলো বোঝানোর জন্য, বাস্তব নয়।)
আজকাল প্রায় সব গুরুত্বপূর্ণ পত্রিকা ইন্টারনেটে থাকে, পাঠকরা খবরের নিচে নিজের মন্তব্য লিখতে পারে। কেউ সুচিন্তিত মন্তব্য লেখে, কিন্তু অনেকে শুধু যুক্তিহীন, অশালীন কথা লিখে রাখে — এটা অনৈতিক। ই-মেইলে কাউকে আঘাত দিয়ে বা হুমকি দিয়ে চিঠি পাঠানো, কারো সম্পর্কে মিথ্যা বা অসম্মানজনক তথ্য ছড়ানোও তাই। যে কাজটি ভালোভাবে করা যেত, সেটা খারাপভাবে করা হলেই বুঝতে হবে নৈতিকতা রক্ষা হয়নি।
দলগত কাজ: হ্যাকিংয়ের ক্ষতি কোথা থেকে কোথায় যায়?
ধরো, কেউ হ্যাক করে একটি স্কুলের ওয়েবসাইট নষ্ট করে দিল। "পরের ধাপ" চেপে দেখো ক্ষতি কীভাবে ছড়াতে পারে (এটা একটা সম্ভাব্য উদাহরণ)। তারপর নিজে আরেকটা উদাহরণ ভাবো।
ওয়েবসাইট হ্যাকিং শুধু অনৈতিক নয়, একই সাথে বেআইনি। ইন্টারনেটে অনেক মানুষ অনেক ধরনের অনৈতিক আর বেআইনি কাজ করে; পুরো বিষয়টা চোখের আড়ালে হয় বলে প্রতারণা সবচেয়ে বেশি।
প্রতারণার ইমেইল ধরো
বইয়ে এমন একটা ইমেইলের ছবি আছে, যেখানে বিখ্যাত একটা প্রতিষ্ঠানের নাম ব্যবহার করা হয়েছে। নিচে আমাদের বানানো একটা নমুনা ইমেইল। সন্দেহজনক অংশগুলোতে চাপ দাও — পাঁচটি বিপদচিহ্ন লুকিয়ে আছে।
খুঁজে পেয়েছ: ০ / ৫
বইয়ের কথা: কাজেই সবার জানা থাকা ভালো অপরিচিত ইমেইলের এরকম অবিশ্বাস্য লোভনীয় আশ্বাস নিঃসন্দেহে প্রতারণা।
ইন্টারনেটের বড় একটি অপরাধ হয় ক্রেডিট কার্ড নিয়ে। ইন্টারনেটে কার্ড ব্যবহার করতে হলে কার্ডটি লাগে না, শুধু নম্বর জানলেই চলে। তাই নম্বর জানার জন্য অপরাধীরা বড় সাইবার অপরাধ করে; মানুষকে ধোঁকা দিয়ে নম্বর জেনে নেয়, আর মানুষটি বোঝার আগেই বড় অঙ্কের টাকা তুলে নেয়। অপরাধীরা অবৈধ কাজের তথ্যও ইন্টারনেটে পাচার করে, তাই সারা পৃথিবীতে বিশেষ আইন পাস হচ্ছে।
দেশে দেশে অনেক মানুষ অন্য সম্প্রদায় বা জাতি-গোষ্ঠীর প্রতি প্রচণ্ড ঘৃণা পোষণ করে। চরম রাজনৈতিক নানা গোষ্ঠীর মানুষ ইন্টারনেটে নানা প্রতিশ্রুতি দিয়ে তোমার মতো তরুণদের দলে নেয়। তাই ইন্টারনেটে অপরিচিত কারো সাথে বন্ধুত্ব করতে সবসময় সতর্ক থাকবে। মনে রাখবে, অন্যায়, অত্যাচার বা জুলুম অবসানে নিয়মতান্ত্রিক পথই উত্তম; ধ্বংসাত্মক পথে টেকসই পরিবর্তন আসে না। তবে আতঙ্কিত হওয়ার কারণ নেই — এমন মানুষের সংখ্যা খুব কম।
দুটি কুখ্যাত কম্পিউটার ভাইরাস
কেউ মজা করার জন্য, কেউ অপরাধ করার জন্য ভাইরাস বানিয়ে ইন্টারনেটে ছড়িয়ে দেয়। কার্ডে চাপ দিলে বইয়ের তথ্য দেখাবে।
ছবিটা শুধু দেখায় ভাইরাস কীভাবে এক কম্পিউটার থেকে অনেক কম্পিউটারে ছড়ায়। ভাইরাসের কারণে পৃথিবীতে কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হয়ে যেতে পারে।
মনে রাখো হ্যাকিং অনৈতিক এবং বেআইনি। ইচ্ছে করে ওয়েবসাইট অচল করা, অশালীন মন্তব্য, হুমকি দেওয়া ইমেইল, মিথ্যা তথ্য ছড়ানো — সবই অনৈতিক। লোভনীয় আশ্বাসের অপরিচিত ইমেইল মানেই প্রতারণা।
প্লেজিয়ারিজম
প্লেজিয়ারিজম: নিজের লেখায় অন্যের লেখা কোনো কিছু ব্যবহার করতে হলে সবসময় সেটি পরিষ্কার করে বলে অন্যের অবদান স্বীকার করতে হয়।
লেখাপড়া করতে গিয়ে আমরা নতুন নতুন জিনিস শিখি, আর একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস শিখি: খাঁটি মানুষ হওয়া। খাঁটি মানুষ অন্যায় করে না, অন্যায় সহ্যও করে না। তবুও দেখা যায় কেউ পরীক্ষায় দেখাদেখি করে, নকল করতে গিয়ে ধরা পড়ে হল থেকে বের হয় — নির্বুদ্ধিতা করে নিজের ভবিষ্যৎ নষ্ট করে।
হোমওয়ার্ক সবসময় নিজে করতে হয়। অন্য কেউ করে দিলে হয়তো ভালো নম্বর পাওয়া যায়, কিন্তু শেখা হয় না। ইন্টারনেটে প্রায় সব বিষয়ে কিছু না কিছু তথ্য আছে, তাই কেউ কেউ সেখান থেকে হুবহু নিয়ে নিজের নামে জমা দেয়।
সংজ্ঞা: কিন্তু অন্যের লেখা চুরি করে নিজের নামে চালিয়ে দেওয়া বা প্রকাশ করাকেই প্রেজিয়ারিজম বলে।
বইয়ের ছবিতে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাংবাদিক ফরিদ জাকারিয়ার কথা আছে — প্লেজিয়ারিজমের অভিযোগে তাঁকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। তথ্য প্রযুক্তির যুগে প্লেজিয়ারিজম যেমন বেড়েছে, ধরার কৌশলও তেমন বেড়েছে: ইন্টারনেটের কোনো জায়গা থেকে হুবহু কিছু নিলে সফটওয়্যার দিয়ে সাথে সাথে খুঁজে বের করা যায়।
রচনা জমার আগে যাচাই
রিয়া "সুন্দরবন" নিয়ে রচনা লিখেছে, কিছু অংশ একটি বই থেকে নিয়েছে। প্রথমে "যাচাই করো" চাপো — নকল-ধরার সফটওয়্যার কী দেখায় দেখো। তারপর প্রতিটি লাল অংশের পাশে "স্বীকৃতি দাও" চেপে উৎস লিখে দাও।
নকল মিলেছে
—
বইয়ের কথা: আমরা অবশ্যই অন্যের লেখা পড়ে শিখব এবং নিজেরা কিছু লেখার সময় অন্যের লেখার সাহায্য নেওয়াটাও অন্যায় কিছু নয়। কিন্তু অন্যের কাছ থেকে কোনো সাহায্য নিলে নিজের লেখায় সেটা খুব পরিষ্কারভাবে বলে দিতে হয়।
মনে রাখো অন্যের লেখা নিজের নামে চালানোই প্লেজিয়ারিজম। অন্যের লেখা থেকে সাহায্য নেওয়া দোষ নয়, কিন্তু কোন অংশ নিজের আর কোন অংশ অন্যের, তা পরিষ্কার বলে দিতে হয়। তোমরাই একদিন খাঁটি মানুষ হয়ে দেশের দায়িত্ব নেবে।
নতুন শিখলাম: হ্যাকিং, কালো টুপি হ্যাকার, সাদা টুপি হ্যাকার, ক্রেডিট কার্ড, Mydoom Worm, Melissa, প্লেজিয়ারিজম।
ভিডিও-দৃশ্য
সাইবার জগতের সাত সিল
দা থেকে প্লেজিয়ারিজম — সাতটি দৃশ্যে পুরো অধ্যায়।
চালাও বোতামে চাপ দিয়ে দৃশ্যটি দেখো।
০:০০
তুলনা
এক নজরে: কোন শব্দের কী মানে?
শব্দ
মানে
কপি করা যায়?
বইয়ের উদাহরণ
কপিরাইট
সৃজনশীল কাজের কপি বা পুনরুৎপাদনের অধিকার রক্ষার আইন
স্রষ্টার অনুমতি ছাড়া না
লেখকের বই; বাংলাদেশে মেয়াদ ৬০ বছর
চোরাই (Pirated) কপি
কপিরাইট ভঙ্গ করে করা পুনরুৎপাদন
এটা নিজেই বেআইনি
কম্পিউটারের প্রোগ্রাম ও গেমস
ফেয়ার ইউজ
পড়াশোনা বা একাডেমিক কাজে ব্যবহার
হ্যাঁ, এই কাজে
পড়ার জন্য বইয়ের ফটোকপি
ক্রিয়েটিভ কমন্স
কপিরাইট আর কপিলেফটের মাঝখানে; কিছু অধিকার সংরক্ষিত
শর্তসাপেক্ষে
লেখকের নামে প্রকাশ, মুনাফা নয়
কপিলেফট
কপিরাইটের একেবারে উল্টো
হ্যাঁ, সানন্দ অনুমতি
মুক্ত দর্শনের লাইসেন্স
ওপেন সোর্স সফটওয়্যার
মুক্ত দর্শনের আওতায় প্রকাশিত সফটওয়্যার
হ্যাঁ, কপি, ব্যবহার ও পরিবর্তন
মুক্ত জ্ঞানভান্ডার উইকিপিডিয়া একই দর্শনে গড়া
প্লেজিয়ারিজম
অন্যের লেখা চুরি করে নিজের নামে চালানো
না; সাহায্য নিলে স্বীকৃতি দিতে হয়
ইন্টারনেট থেকে হুবহু হোমওয়ার্ক
নিজে করে দেখো
সীমান্তের চেকপোস্ট
সাইবার জগতে ঢোকার আগে চেকপোস্টে কয়েকটি পরিস্থিতি দেখানো হবে। প্রতিটিতে কোন কাজটা ঠিক, সেটা বেছে নাও। আটটির মধ্যে ছয়টি ঠিক হলে চেকপোস্টের সিল পাবে।
ঠিক: ০ / ০
বইয়ের আরও দলগত কাজ
কম্পিউটার গেমের আসক্তির ভয়াবহতা নিয়ে একটি নাটক লিখে সবাই মিলে অভিনয় করো।
কম্পিউটারে আসক্ত একটি ছেলে বা মেয়ে সারাদিন কীভাবে দিন কাটায়, সেটি নিয়ে একটি কাল্পনিক গল্প লেখো।
মুক্ত দর্শনের পক্ষে এবং বিপক্ষে দুটি দল তৈরি করে শিক্ষকের সহায়তা নিয়ে একটি বিতর্কের আয়োজন করো।
কম্পিউটারে বেআইনি কাজ করে বিপদে পড়েছে, এর উপর ভিত্তি করে একটি কার্টুন আঁকো।
ক্লাসের সবাই দুটি দলে ভাগ হয়ে প্লেজিয়ারিজম আর নিজের তৈরি করা কাজের মধ্যে পার্থক্য নিয়ে একটি বিতর্কের আয়োজন করো।
নমুনা প্রশ্ন
যাচাই করো
স্কোর: ০
বহুনির্বাচনি প্রশ্ন
সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন
১। ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে অনুসরণীয় দুটি নিয়ম উল্লেখ করো।
(১) ইন্টারনেট কখনো একা অন্যদের চোখের আড়ালে ব্যবহার করব না; এমন জায়গায় বসে ব্যবহার করব যেখানে সবাই কম্পিউটারের স্ক্রিন দেখতে পায়। (২) ভুলেও কোনো অপরিচিত মানুষকে নিজের নাম, পরিচয়, ছবি বা পাসওয়ার্ড দেব না।
২। কম্পিউটার আসক্তি কাকে বলে? কীভাবে বোঝা যাবে কেউ কম্পিউটারে আসক্ত হয়েছে?
কেউ যখন যুক্তি ছাড়া, সম্পূর্ণ অযৌক্তিকভাবে মাত্রা ছাড়িয়ে কম্পিউটার ব্যবহার করতে থাকে, তখন তাকে কম্পিউটার আসক্তি বলে। কেউ যখন মা-বাবা, ভাই-বোন, বন্ধু-বান্ধবকে সময় না দিয়ে সেই সময়টাও কম্পিউটারের পেছনে দেয়, তার কাজকর্মে ক্ষতি হয়, লেখাপড়ায় সমস্যা হয়, আর ঠিকমতো না ঘুমিয়ে কম্পিউটারের পেছনে বসে থাকে, তখন বোঝা যায় সে কম্পিউটারে আসক্ত হয়েছে।
৩। কম্পিউটার আসক্তি থেকে বের করে আনতে করণীয় কী?
আসক্ত মানুষটিকে কম্পিউটারের বাইরের জগৎ থেকেও আনন্দ পাওয়া শেখাতে হবে — সবচেয়ে সুন্দর খেলাধুলা। তার সময় ঠিক করে দিতে হবে, দিনে কতক্ষণ কম্পিউটার ব্যবহার করবে (যেমন এক ঘণ্টার বেশি নয়)। আর অন্য একটি কাজ করে তাকে কম্পিউটার ব্যবহারের সেই সময়টুকু অর্জন করতে হবে।
৪। কপিরাইট কাকে বলে?
সৃজনশীল সৃষ্টিকর্মের কপি বা পুনরুৎপাদন, অবৈধ ব্যবহার ইত্যাদি বন্ধের জন্য যে আইনের বিধান রাখা হয়, তা যেহেতু কপি বা পুনরুৎপাদনের অধিকার সংরক্ষণ নিয়ে তৈরি, তাই একে কপিরাইট (Copyright) আইন বা সংক্ষেপে কপিরাইট বলে। বাংলাদেশে কপিরাইট আইন ২০০০ অনুযায়ী এর মেয়াদ ৬০ বছর।
৫। ওপেন সোর্স সফটওয়্যার কাকে বলে? এর ১টি সুবিধা লেখো।
মুক্ত দর্শন বা ওপেন সোর্স ফিলসফির আওতায় যে কম্পিউটার সফটওয়্যারগুলো প্রকাশিত হয়, সেগুলোকে মুক্ত সফটওয়্যার বা ওপেন সোর্স সফটওয়্যার বলে। সুবিধা: একজন অন্যজনকে সহজে কপি করে দিতে পারে, ব্যবহারও করতে পারে; আর সবাই কপি ও পরিবর্তন করতে পারে বলে সারা বিশ্বের মানুষ মিলে এগুলোকে খুব শক্তিশালী করে গড়ে তোলে।
সৃজনশীল প্রশ্ন (আমাদের বানানো)
সপ্তম শ্রেণির রাফি প্রতিদিন স্কুল থেকে ফিরে নিজের ঘরে দরজা বন্ধ করে অনলাইন গেম খেলে। রাতেও ঠিকমতো ঘুমায় না, বিকেলে মাঠে খেলতে যায় না। একদিন অচেনা এক "গেমার বন্ধু" তাকে লিখল, তার বাবার ক্রেডিট কার্ডের নম্বর দিলে সে বিনামূল্যে গেমের নতুন অস্ত্র পাবে। তার বোন মিতু রাফিকে বোঝাল আর বাবা-মাকে বিষয়টি জানাল।
ক. IAD-এর পূর্ণরূপ কী?
Internet Addiction Disorder।
খ. "কম্পিউটার যেন আমাদের ব্যবহার না করে" — কথাটি ব্যাখ্যা করো।
কম্পিউটার খুব প্রয়োজনীয় যন্ত্র; আমরা প্রয়োজনে তা ব্যবহার করব। কিন্তু কেউ আসক্ত হয়ে গেলে যুক্তি কাজ করে না, পরিবার, পড়াশোনা আর ঘুমের সময়ও কম্পিউটারের পেছনে চলে যায় — তখন মানুষটি আর কম্পিউটারকে চালায় না, কম্পিউটারই যেন তাকে চালায়। তাই ব্যবহার হবে পরিমিত, আসক্তি নয়।
গ. রাফির আচরণে ইন্টারনেট ব্যবহারের কোন নিয়ম ভঙ্গ হয়েছে? ব্যাখ্যা করো।
রাফি দরজা বন্ধ করে একা খেলে — এতে প্রথম নিয়ম ভঙ্গ হয়েছে: ইন্টারনেট কখনো একা অন্যদের চোখের আড়ালে ব্যবহার করবে না, এমন জায়গায় বসবে যেখানে সবাই স্ক্রিন দেখতে পায়। সবার চোখের আড়ালে থাকায় অচেনা মানুষ তার সাথে যোগাযোগ করতে পেরেছে আর কেউ টেরও পায়নি। সে যদি নম্বর দিয়ে দিত, তাহলে দ্বিতীয় নিয়মও ভাঙত — অপরিচিত কাউকে নিজের বা পরিবারের তথ্য দেওয়া যায় না।
ঘ. মিতুর পদক্ষেপ রাফিকে আসক্তি ও প্রতারণা থেকে বাঁচাতে কতটা কার্যকর? মূল্যায়ন করো।
রাফির মধ্যে আসক্তির লক্ষণ স্পষ্ট: মাঠে খেলা বাদ, ঘুম কম, সব সময় গেম। বই বলছে, কেউ আসক্ত হলে তাকে বের করে আনার দায়িত্ব সবার, আর অনেক সময় বাবা-মা বুঝতে পারেন না। মিতু জানানোয় বাবা-মা এখন দিনে কতক্ষণ কম্পিউটার চলবে তা ঠিক করে দিতে পারবেন (যেমন এক ঘণ্টার বেশি নয়), অন্য কাজ করে সময়টুকু অর্জন করার নিয়ম আর বিকেলে খেলাধুলার ব্যবস্থা করতে পারবেন। অন্যদিকে, ক্রেডিট কার্ডের নম্বর জানলেই ইন্টারনেটে টাকা তুলে নেওয়া যায়; অচেনা মানুষের লোভনীয় প্রস্তাব নিঃসন্দেহে প্রতারণা। মিতুর সতর্কতায় পরিবার বড় আর্থিক ক্ষতি থেকে বাঁচল। তবে রাফি নিজের বিচার-বিবেচনা দিয়ে পরিমিত ব্যবহার না শিখলে স্থায়ী সমাধান হবে না। তাই মিতুর পদক্ষেপ খুবই কার্যকর প্রথম ধাপ, আর রাফির নিজের সচেতনতা তার পরের ধাপ।
এই বইয়ে উত্তরমালা নেই — উত্তরগুলো আমাদের করা; শিক্ষকের সাথে মিলিয়ে নিও।
এক নজরে অধ্যায় ৩
দায়ের মতো প্রযুক্তির ক্ষমতা বেশি: সচেতন হলে বড় কাজ, অসচেতন হলে বড় বিপদ।
তিন নিয়ম: সবার সামনে বসে ইন্টারনেট; অপরিচিতকে নাম, পরিচয়, ছবি বা পাসওয়ার্ড নয়; রূঢ়, অসংযত বা অশালীন নয়।
কোনো কাজে মাত্রা ছাড়ালেই আসক্তি; অতিরিক্ত ইন্টারনেট ব্যবহারের নাম IAD (Internet Addiction Disorder)।
আসক্তি থেকে বাঁচতে: খেলাধুলা, সময় বেঁধে দেওয়া (যেমন এক ঘণ্টা), অন্য কাজ করে সময় অর্জন।
সামাজিক নেটওয়ার্ক তথ্য ছড়াতে অতুলনীয়, কিন্তু পর্দার বন্ধু সত্যিকারের বন্ধুর মতো গভীর নয়।
কপিরাইট সৃজনশীল কাজের পুনরুৎপাদনের অধিকার রক্ষা করে; প্রথম পূর্ণাঙ্গ কপিরাইট আইন যুক্তরাজ্যে (১৭১০, স্ট্যাটিউট অব অ্যান), বাংলাদেশে মেয়াদ ৬০ বছর।
ফেয়ার ইউজ, ক্রিয়েটিভ কমন্স, কপিলেফট, ওপেন সোর্স সফটওয়্যার — মুক্ত দর্শনের নানা রূপ।
হ্যাকিং অনৈতিক ও বেআইনি; প্রতারণার ইমেইল আর ক্রেডিট কার্ডের নম্বর নিয়ে সাবধান; অন্যের লেখা নিজের নামে চালানো প্লেজিয়ারিজম।
তথ্যসূত্র: জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (NCTB), সপ্তম শ্রেণি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (২০২৬), তৃতীয় অধ্যায়।