ইউনিট: ০

নবম-দশম শ্রেণি · পদার্থবিজ্ঞান · একাদশ অধ্যায়

চল বিদ্যুৎ Current Electricity

ইলেকট্রিসিটি বা চলবিদ্যুৎ ছাড়া আজকাল এক মুহূর্তও আমাদের জীবন ঠিকভাবে চলে না। আগের অধ্যায়ের স্থির বিদ্যুৎ বা চার্জগুলো যখন কোনো পরিবাহকের ভেতর দিয়ে প্রবাহিত হয়, সেটাকেই বলি চলবিদ্যুৎ। এই অধ্যায়ে জানব কোন নিয়মে বিদ্যুৎ প্রবাহিত হয়, আর একটা সার্কিটে বিদ্যুৎপ্রবাহ ও বিভব কীভাবে মাপা যায়।

পাশের সার্কিটে নীল বিন্দুগুলো ইলেকট্রন — তারা একদিকে যায়, অথচ কমলা তীরের "বিদ্যুৎপ্রবাহ" চলে উল্টো দিকে। কেন, সেটা এই অধ্যায়েই জানব।

এ অধ্যায় শেষে আমরা…

মাসের শেষে বিদ্যুৎ বিল

মাসের শেষে মিটার রিডার চাচা এসে বিল ধরিয়ে দিলেন — গতমাসের চেয়ে অনেক বেশি! আম্মু বললেন, "গরমে এসি, ফ্যান সারাদিন চলেছে, আর তোরা লাইট নেভাস না।" নবম শ্রেণির ইমন বিলটা হাতে নিয়ে দেখল লেখা: "ব্যবহৃত ইউনিট"। ইউনিট মানে কী? বাল্বের গায়ে লেখা "220 V-100 W"-এর সাথে এর সম্পর্ক কী?

সেদিন রাতেই আবার লোডশেডিং। অন্ধকারে বসে ইমন ভাবল — বিদ্যুৎকেন্দ্র থেকে এত দূরে বিদ্যুৎ আসে কীভাবে, পথে কিছু হারায় কি না, আর ফিউজ কেটে গেলে আব্বু সেটা নিয়ে এত সাবধান কেন? চলো তারের ভেতর দিয়ে একটু ঘুরে আসি।

১১.১

বিদ্যুৎপ্রবাহ (Electric Current)

দুটো ভিন্ন বস্তুর পটেনশিয়াল বা বিভবের মাঝে পার্থক্য থাকলে যেটার বেশি বিভব সেখান থেকে যেটার বিভব কম সেখানে চার্জ প্রবাহিত হয় — যতক্ষণ পর্যন্ত বিভব দুটো সমান না হয়। চার্জের এই প্রবাহই তড়িৎ বা বিদ্যুতের প্রবাহ, যেটা দিয়ে লাইট জ্বলে, ফ্যান ঘোরে, মোবাইল চার্জ দেওয়া হয় (চিত্র ১১.০১)।

ইউনিট

দুই গোলক থেকে ব্যাটারি (চিত্র ১১.০১)

১১.১.১ তড়িৎ চালক শক্তি এবং বিভব পার্থক্য

বিদ্যুৎপ্রবাহ অবিচ্ছিন্ন রাখতে হলে বিভবের পার্থক্যটা বজায় রাখতে হবে। দুটো গোলক বা ধারকের দুই পাত তার দিয়ে জুড়ে দিলে মুহূর্তের মাঝে পুরো চার্জ প্রবাহিত হয়ে বিভব সমান হয়ে যায়। সার্বক্ষণিক বিদ্যুতের জন্য দরকার এমন পদ্ধতি যেটা চার্জ প্রবাহিত হলেও পার্থক্য কমতে দেয় না — ব্যাটারি এবং জেনারেটর। ব্যাটারির ভেতর রাসায়নিক বিক্রিয়া করে বিভবের পার্থক্য তৈরি হয়; রাসায়নিক দ্রব্য শেষ হয়ে গেলে ব্যাটারি সেল আর বিদ্যুৎ প্রবাহ করতে পারে না। সাধারণ ব্যাটারি দুই প্রান্তের (Pole) মধ্যে 1.5 V বিভব পার্থক্য তৈরি করে।

তড়িৎ চালক শক্তি বা ইএমএফ: যদি কোনো ব্যাটারিতে Q চার্জকে কম বিভবের প্রান্ত থেকে বেশি বিভবের প্রান্তে আনতে W পরিমাণ কাজ করতে হয়, তাহলে এই ব্যাটারির দুই প্রান্তের বিভব পার্থক্যকে তড়িৎ চালক শক্তি বা ইএমএফ বলে: EMF = W/Q

ইংরেজিতে Electromotive Force — "ফোর্স" বা বল, বাংলায় "শক্তি"; কিন্তু প্রকৃতপক্ষে এটা বলও নয়, শক্তিও নয়। বিভ্রান্ত হয়ো না: ব্যাটারি সেল বা জেনারেটর তার দুই প্রান্তে যে বিভব পার্থক্য তৈরি করে, সেটাই তার ইএমএফ।

ইউনিট

দুটি 1.5 V সেল দিয়ে কত ভোল্ট? (চিত্র ১১.০২, ১১.০৩)

বিভবের মান নয়, পার্থক্যটুকুই গুরুত্বপূর্ণ — তাই একটা ব্যাটারির এক মাথার বিভব ইচ্ছেমতো ঠিক করা যায়। কোথায় ভূমি (শূন্য বিভব) লাগাবে বেছে নাও।

ভেবে দেখো

ধারক বা Capacitor-কে কি ব্যাটারি হিসেবে ব্যবহার করা সম্ভব? (ইঙ্গিত: ওপরের গোলক দুটির মতো, ধারকের পাত জুড়ে দিলে কতক্ষণ বিদ্যুৎ চলে?)

১১.১.২ পরিবাহী, অপরিবাহী এবং অর্ধপরিবাহী পদার্থ

পরিবাহী পদার্থ: কঠিন পদার্থে অণু-পরমাণু নিজের জায়গায় বসে থাকে; তাপমাত্রা বাড়লে কাঁপাকাঁপি করে কিন্তু সরে যায় না। ধাতব বন্ধনে কিছু ইলেকট্রন প্রায় মুক্ত অবস্থায় থাকে আর এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে — সোনা, রুপা, তামা, অ্যালুমিনিয়াম সুপরিবাহী। মনে রাখো, এই স্থানান্তর হয় ইলেকট্রন দিয়ে — নেগেটিভ চার্জের ইলেকট্রন।

অপরিবাহী পদার্থ: যে পদার্থের ভেতর মুক্ত ইলেকট্রন নেই — বিদ্যুৎ অপরিবাহী বা অন্তরক। প্লাস্টিক, রাবার, কাঠ, কাচ; মূলত অধাতুগুলো।

অর্ধপরিবাহী পদার্থ: সাধারণ তাপমাত্রায় পরিবহন ক্ষমতা পরিবাহী আর অপরিবাহীর মাঝামাঝি, কিন্তু তাপমাত্রা বাড়লে পরিবহন ক্ষমতা বেড়ে যায় — সেমিকন্ডাক্টর, যেমন সিলিকন বা জার্মেনিয়াম।

ইউনিট

কোন দলে?

১১.১.৩ বিদ্যুৎপ্রবাহের দিক (Direction of Current Flow)

পরিবাহীতে শুধু নেগেটিভ চার্জের ইলেকট্রনই এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে; পজিটিভ আয়ন খুবই শক্তভাবে নিজের জায়গায় আটকে থাকে। তাহলে পজিটিভ চার্জ কীভাবে যায়? ইলেকট্রনের অভাবই হচ্ছে পজিটিভ চার্জ — ইলেকট্রন সরিয়ে অভাব আরো বাড়িয়ে দেওয়ার অর্থ পজিটিভ চার্জ সরবরাহ করা। তাই "A থেকে B-তে পজিটিভ চার্জ গিয়েছে" কথাটার প্রকৃত অর্থ B থেকে A-তে ইলেকট্রন গিয়েছে।

বিদ্যুৎপ্রবাহ: সময়ের সাথে চার্জ-প্রবাহের হার। t সময়ে Q চার্জ প্রবাহিত হলে I = Q/t

একক অ্যাম্পিয়ার (A = C/s)। এক সেকেন্ডে এক অ্যাম্পিয়ার বিদ্যুৎপ্রবাহে যে চার্জ প্রবাহিত হয় সেটাই এক কুলম্ব। বিদ্যুৎপ্রবাহের দিক ইলেকট্রন-প্রবাহের দিকের উল্টো — ইলেকট্রনের চার্জকে পজিটিভ ধরে নিলেই সব সমস্যা মিটে যেত, কিন্তু সেটার জন্য এখন দেরি হয়ে গেছে!

ইউনিট

তারের ভেতরে উঁকি দাও

১১.২

বিভব পার্থক্য এবং তড়িৎপ্রবাহের মধ্যে সম্পর্ক

দুটি বিন্দুতে বিভব পার্থক্য থাকলে পরিবাহী তার দিয়ে জুড়ে দিলে বিদ্যুৎ প্রবাহিত হবে — কিন্তু কতটুকু? সোনার তার আর লোহার তারে কি সমান বিদ্যুৎ যাবে?

১১.২.১ ও'মের সূত্র (Ohm's Law)

বিভব মাপার যন্ত্রের নাম ভোল্টমিটার, কারেন্ট মাপার যন্ত্রের নাম অ্যামিটার (আসলে একই যন্ত্রের সুইচ ঘুরিয়ে কখনো ভোল্টমিটার, কখনো অ্যামিটার হিসেবে ব্যবহার করা যায়)। কয়েকটা ব্যাটারি নিয়ে একটা তারের দুই পাশে 1.5 V, 3 V, 4.5 V — আবার উল্টে দিয়ে নেগেটিভ — বিভব পার্থক্য দিয়ে কতখানি বিদ্যুৎ প্রবাহিত হয় মাপি।

ইউনিট

ও'মের ল্যাব: লেখচিত্র আঁকো (চিত্র ১১.০৪)

ও'মের সূত্র: I = V/R — রোধ বেশি হলে বিদ্যুৎপ্রবাহ কম, রোধ কম হলে বেশি।

রোধ বা Resistance-এর একক Ohm, গ্রিক অক্ষর Ω (ওমেগা)। কোনো বস্তুর দুই প্রান্তে 1 V বিভব পার্থক্যে 1 A বিদ্যুৎ প্রবাহিত হলে তার রোধ 1 Ω।

ইউনিট

আঙুল দিয়ে ঢাকো (চিত্র ১১.০৫)

V ওপরে, নিচে I × R। যেটা বের করতে চাও সেটা ঢেকে দাও — বাকি দুটো যেভাবে আছে সেভাবেই সূত্র!

ইউনিট

পরিবর্তী রোধ বা রিওস্টেট (চিত্র ১১.০৬)

স্থির রোধের দুটি প্রান্ত থাকে; পরিবর্তী রোধে দুই প্রান্ত ছাড়াও মাঝখানে আরেকটি প্রান্ত থাকে, যেখানে পরিবর্তন করা রোধের মানটুকু পাওয়া যায়। স্লাইডার সরিয়ে বাল্বের আলো কমাও-বাড়াও।

১১.২.২ রোধ

রোধ হচ্ছে বিদ্যুৎ প্রবাহের বাধা, তাই পদার্থের দৈর্ঘ্য (L) যত বেশি, রোধ তত বেশি: R ∝ L। আবার সরু পথের চেয়ে চওড়া পথ দিয়ে বিদ্যুৎ সহজে যায় — প্রস্থচ্ছেদ (A) যত বেশি, রোধ তত কম: R ∝ 1/A।

রোধের সূত্র: R = ρ L/A; ধ্রুবক ρ = RA/L হলো পদার্থের আপেক্ষিক রোধ, একক Ω m।

পরিবাহিতা σ = 1/ρ, একক (Ω m)⁻¹ — পদার্থ যত বেশি বিদ্যুৎ পরিবাহী, তার পরিবাহিতা তত বেশি।

ইউনিট

তারের রোধ মাপো (টেবিল ১১.০১)

তাপমাত্রা আর রোধ

রোধ হচ্ছে ইলেকট্রন প্রবাহের বাধা — অণু-পরমাণু যত বেশি কাঁপাকাঁপি করে, ইলেকট্রন তত বাধাগ্রস্ত হয়। তাপমাত্রা বাড়ালে অণু-পরমাণু বেশি কাঁপে, তাই পরিবাহী পদার্থের আপেক্ষিক রোধ বেড়ে যায় — রোধ বলার সময় তাপমাত্রাও বলে দিতে হয়। সেমিকন্ডাক্টরে উল্টো: সেখানে মুক্ত ইলেকট্রন নেই, তাপমাত্রা বাড়লে কিছু ইলেকট্রন প্রবাহের জন্য পাওয়া যায়, তাই রোধ কমে যায়।

বইয়ের প্রশ্ন

ফিলামেন্ট যুক্ত লাইট বাল্বের ফিলামেন্ট ও'মের সূত্র মানছে কি না পরীক্ষা করা কঠিন কেন?

একটু ইঙ্গিত

বিভব বাড়ালে কারেন্ট বাড়ে, ফিলামেন্ট আরো গরম হয় — আর গরম হলে পরিবাহীর রোধ কী হয়? ও'মের সূত্র যাচাইয়ে রোধ একই থাকা দরকার। (ইঙ্গিতটি আমাদের।)

১১.২.৩ বর্তনী বা সার্কিট বিশ্লেষণ (Circuit Analysis)

ইউনিট

প্রতীক চেনো (চিত্র ১১.০৭)

টানা ৮টি ঠিক হলে ব্যাজ।

সার্কিট বিশ্লেষণের তিন কথা

(a) উৎসের উচ্চ বিভব থেকে যে পরিমাণ বিদ্যুৎ বের হয়, পুরো বর্তনী ঘুরে ঠিক সেই পরিমাণ বিদ্যুৎ কম বিভবে ফিরে আসে। (b) যেকোনো বিন্দুতে যে পরিমাণ বিদ্যুৎ ঢোকে, ঠিক সেই পরিমাণ বের হয় — চার্জের সৃষ্টি বা ধ্বংস নেই, শুধু স্থানান্তর। (c) যেকোনো অংশের দুই বিন্দুতে ও'মের সূত্র সব সময় সত্য। আর তামার তারের রোধ ধর্তব্যে নেই, তাই একটা তারের সব জায়গায় বিভব সমান।

ইউনিট

প্রতিটি বিন্দুর বিভব (চিত্র ১১.০৮–১১.১০, ১১.১৮)

১১.২.৪ ও ১১.২.৫ তুল্য রোধ: শ্রেণি ও সমান্তরাল সংযোগ

রোধগুলো পরপর থাকলে (শ্রেণি বর্তনী) সবগুলোর ভেতর দিয়ে একই বিদ্যুৎ I যায়: B বিন্দুর বিভব VB ধরে I = (V − VB)/R₁ = VB/R₂ থেকে VB = R₂V/(R₁ + R₂), আর I = V/(R₁ + R₂)। সমান্তরালে রাখলে সবগুলোর দুই পাশে একই বিভব V, আর বিদ্যুৎ ভাগ হয়ে যায়: I = I₁ + I₂ = V/R₁ + V/R₂।

শ্রেণি: R = R₁ + R₂ + R₃ + … + Rₙ

সমান্তরাল: 1/R = 1/R₁ + 1/R₂ + 1/R₃ + … + 1/Rₙ

ইউনিট

বাল্বের বোর্ড: শ্রেণি বনাম সমান্তরাল (চিত্র ১১.১১–১১.১৪)

R₃ = 0 মানে তৃতীয় রোধটি নেই।

১১.৩

তড়িৎ ক্ষমতা (Electric Power)

পটেনশিয়াল প্রয়োগ করে চার্জকে সরালে কাজ হয় বা শক্তি ক্ষয় হয়। V বিভবে Q চার্জ সরালে কাজ W = VQ। ক্ষমতা P হচ্ছে প্রতি সেকেন্ডে কাজ করার হার — t সময়ে Q চার্জ সরানো হলে P = W/t = VQ/t = VI। রোধের বেলায় ও'মের সূত্র লাগিয়ে আরো দুটি রূপ পাই।

P = VI = I²R = V²/R

একটি রোধের ভেতর t সময় বিদ্যুৎ প্রবাহিত হলে তাতে Pt শক্তি দেওয়া হয় — যথেষ্ট বিদ্যুৎপ্রবাহে রোধ উত্তপ্ত হয়ে ওঠে, শক্তি তাপ হিসেবে বের হয়। ফিলামেন্টযুক্ত বাল্বের প্রচলন কমে আসছে, কারণ বিদ্যুৎশক্তির বড় অংশ তাপ হিসেবে খরচ হয় — হাত দিয়ে ছুঁলেই টের পাওয়া যায়।

ইউনিট

বাল্বের গায়ের লেখা পড়ো

ইউনিট

বিদ্যুৎ বিল হিসাব

বিদ্যুৎ শক্তি ব্যয়ের প্রচলিত একক কিলোওয়াট-ঘণ্টা (kWh) — বোর্ড অব ট্রেড (BOT) ইউনিট বা সংক্ষেপে ইউনিট। ব্যয়িত শক্তি = (P × t)/1000 ইউনিট (P ওয়াটে, t ঘণ্টায়)।

১১.৪

বিদ্যুৎ সরবরাহ (Electrical Supply)

দেশের এক জায়গা থেকে অন্য জায়গায় বিদ্যুৎ অনেক উচ্চ ভোল্টেজে নিয়ে যাওয়া হয় — তারে বিদ্যুতের অপচয় কমানোর জন্য। তাপ হিসেবে প্রতি সেকেন্ডে ক্ষয় I²R; তারের রোধ শূন্য করা সম্ভব নয়, তাই কারেন্ট কমাতে হবে। প্রতি সেকেন্ডে শক্তি যায় VI হিসেবে — পটেনশিয়াল দশ গুণ বাড়ালে দশ গুণ কম কারেন্টে সমান শক্তি পাঠানো যায়, আর তাতে তাপের অপচয় হয় 100 গুণ কম।

ইউনিট

উঁচু ভোল্টেজে পাঠাও (১১.৪.১ সিস্টেম লস)

উদাহরণে ধরা হয়েছে: পাঠানো ক্ষমতা 10 MW, পুরো লাইনের রোধ 1 Ω — সংখ্যাগুলো বোঝার জন্য, বইয়ের নয়। মনে রেখো, V²/R সূত্রে V ছিল রোধের দুই পাশের বিভব পার্থক্য; এখানে V তারের বিভবের মান — তারের দুই পাশের পার্থক্য প্রায় শূন্য।

বিদ্যুৎকেন্দ্রে যে ভোল্টেজে বিদ্যুৎ উৎপাদন হয়, স্টেপ আপ ট্রান্সফর্মার দিয়ে তাকে উচ্চ ভোল্টেজে রূপান্তর করা হয়; গ্রাহকের কাছে বিতরণের আগে স্টেপ ডাউন ট্রান্সফর্মার দিয়ে আবার ব্যবহারযোগ্য নিম্ন ভোল্টেজে নামিয়ে আনা হয়। তারপরও পরিবাহী তারের রোধে I²R তাপ হিসেবে যে বিদ্যুৎশক্তির লস বা ক্ষয় হয়, তাকে বলে সিস্টেম লস।

ইউনিট

১১.৪.২ লোডশেডিং (Load Shedding)

সব বিদ্যুৎকেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হয়, তারপর সাবস্টেশন (বিদ্যুৎ উপকেন্দ্র) দিয়ে গ্রাহকের কাছে। চাহিদা উৎপাদনের চেয়ে বেশি হলে সাবস্টেশনকে এক এলাকায় সরবরাহের জন্য অন্য এলাকায় বন্ধ রাখতে হয় — এটাই লোডশেডিং; সহনীয় করতে চক্রাকারে বিভিন্ন জায়গায় আলাদা আলাদা সময়ে করা হয়।

চারটি এলাকা, প্রতিটির চাহিদা ১০০ MW — উদাহরণের সংখ্যা।

১১.৫

বিদ্যুতের নিরাপদ ব্যবহার (Safe Use of Electricity)

আমাদের দেশে সাধারণত বিদ্যুৎ 220 V (AC) হিসেবে সরবরাহ করা হয় — এই ভোল্টেজ মানুষকে ইলেকট্রিক শক দিতে পারে, এমনকি মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে। সরাসরি হৃৎপিণ্ডের ভেতর দিয়ে বিদ্যুৎ গেলে মাত্র 10 mA বিদ্যুতেই মানুষ মারা যেতে পারে। হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হলে শরীরের ভেতর দিয়ে প্রবাহের কারণে হাত-পা নাড়ানো যায় না — বিপদ বুঝলেও সরে আসা যায় না।

ইউনিট

শুকনো হাত বনাম ভেজা হাত

বইয়ের তথ্য: শুকনো চামড়ার রোধ প্রায় 100,000 Ω, ভেজা অবস্থায় হাজার গুণ কমে আসে। হিসাব ও'মের সূত্রে আমাদের করা। যখন কেউ ভেজা মাটিতে ভেজা পা নিয়ে দাঁড়ানো অবস্থায় বিদ্যুৎস্পৃষ্ট হয়, সেটি হয় সবচেয়ে বিপজ্জনক।

ইউনিট

ফিউজ আর সার্কিট ব্রেকার

ত্রুটির কারণে হঠাৎ অনেক বেশি বিদ্যুৎ প্রবাহিত হলে সার্কিট ব্রেকার সার্কিট ব্রেক (বিচ্ছিন্ন) করে দেয়। ফিউজ আরো সরল: যন্ত্রে ঢোকার আগে বিদ্যুৎ একটা সরু তারের ভেতর দিয়ে যায়; বেশি বিদ্যুতে সরু তারটি (রোধ বেশি, I²R বেশি, তাপ বেশি) উত্তপ্ত হয়ে পুড়ে সরবরাহ বন্ধ করে দেয়।

ইউনিট

সুইচ কোন তারে? (চিত্র ১১.১৫)

বিদ্যুৎ সরবরাহে দুটি তার: উচ্চ বিভবের জীবন্ত (Live) আর ভোল্টেজহীন নিরপেক্ষ (Neutral)। সুইচ দুটোর যেকোনোটিতে দেওয়া যায় — কিন্তু বুদ্ধিমানের কাজ কোনটা?

ইউনিট

নিজে করো: বিপজ্জনক কাজগুলো খুঁজে বের করো (চিত্র ১১.১৬)

ছবির ঘরে বিদ্যুৎ নিয়ে কী কী বিপজ্জনক কাজ হচ্ছে? প্রতিটিতে চাপ দাও।

নিরাপত্তার ছয় নিয়ম (বই)

(a) অপরিবাহী আস্তরণ অবিকৃত ও অক্ষত রাখো — শর্ট সার্কিটে তার গরম হয়ে প্লাস্টিক পুড়ে আগুন ধরতে পারে। (b) ভালো সংযোগ — ঢিলা সংযোগে বাড়তি রোধ, I²R-এ উত্তপ্ত। (c) আর্দ্রতা — পানি বিদ্যুৎপরিবাহী; হেয়ার ড্রায়ার বা ইস্ত্রি পানির কাছে বিপজ্জনক। (d) সার্কিট ব্রেকার ও ফিউজ। (e) সঠিক সংযোগ — সুইচ লাইভ তারে। (f) গ্রাউন্ড — মূল্যবান যন্ত্রের (কম্পিউটার, ফ্রিজ) ঢাকনা বা কাঠামো ভূমির সাথে যুক্ত; দুর্ঘটনায় যন্ত্র বিদ্যুতায়িত হলে বিদ্যুৎ সরাসরি ভূমিতে যায়, সাধারণত ফিউজ পুড়ে যন্ত্র বিপদমুক্ত হয়।

১১.৬

বাসাবাড়িতে তড়িৎ বর্তনীর নকশা (Household Electric Circuit Diagram)

বিদ্যুৎকেন্দ্র থেকে সাপ্লাই ক্যাবল দিয়ে বাসায় আসে একটি লাইভ (উচ্চ বিভব, লাল) আর একটি নিউট্রাল (শূন্য বিভব, নীল) লাইন। প্রথমে বৈদ্যুতিক মিটার — বাসায় কতটুকু বিদ্যুৎ ব্যবহার হলো রেকর্ড করে; তারপর কনজিউমার ইউনিট দিয়ে বাসার ভেতরে বিতরণ (চিত্র ১১.১৭)। কনজিউমার ইউনিটে 5 A, 15 A আর 30 A-এর তিনটি সার্কিট ব্রেকার, সবগুলো মেইন সুইচের সাথে — মেইন সুইচ দিয়ে যেকোনো সময় পুরো বাসার বিদ্যুৎ কাটা যায়।

ইউনিট

আমার বাসার কনজিউমার ইউনিট

যন্ত্রগুলো চালু-বন্ধ করো। কোনো সার্কিটে ব্রেকারের সীমার চেয়ে বেশি বিদ্যুৎ টানলে ব্রেকার ট্রিপ করবে।

বই অনুযায়ী 5 A-তে লাইট ও ফ্যান, 15 A-তে বৈদ্যুতিক চুলা, 30 A-তে প্লাগ পয়েন্টগুলো (রিংয়ের মতো, বিদ্যুৎ দুই পথে যেতে পারে)। যন্ত্রের ওয়াট উদাহরণ হিসেবে ধরা।

নিজে করো: নকশা বদলাও

১১.১৭ সার্কিটে (a) আরো দুইটি নতুন প্লাগ পয়েন্ট যুক্ত করো (b) উপযুক্ত সার্কিট ব্রেকারসহ একটি পানির পাম্প যুক্ত করো (c) লাইট ও ফ্যানের সাথে দ্বিতীয় আরেকটি লাইটে দুইটি সুইচ এমনভাবে যুক্ত করো যেন যেকোনো সুইচ দিয়েই লাইটটি জ্বালানো এবং নেভানো যায় (দ্বিমুখী সুইচ, চিত্র ১১.০৭)। খাতায় নকশা আঁকো।

ইউনিট

নিজে করো: অপচয় রোধের পোস্টার

ভিডিও-দৃশ্য

এক ঘর বিদ্যুৎ

সাতটি দৃশ্যে পুরো অধ্যায়।

চালাও বোতামে চাপ দিয়ে দৃশ্যটি দেখো।

০:০০

    এক নজরে: শ্রেণি বনাম সমান্তরাল

    শ্রেণি সংযোগসমান্তরাল সংযোগ
    তুল্য রোধR = R₁ + R₂ + …1/R = 1/R₁ + 1/R₂ + …
    বিদ্যুৎপ্রবাহসব রোধে একইভাগ হয়ে যায়: I = I₁ + I₂ + …
    বিভব পার্থক্যভাগ হয়ে যায়: V = V₁ + V₂ + …সব রোধে একই
    তুল্য রোধের মানসবচেয়ে বড় রোধের চেয়েও বড়সবচেয়ে ছোট রোধের চেয়েও ছোট
    একটি বাল্ব কেটে গেলেপুরো সার্কিট বন্ধবাকিগুলো জ্বলতে থাকে — বাসার ওয়্যারিং এভাবেই

    অনুশীলন ও নমুনা প্রশ্ন

    স্কোর: ০

    বহুনির্বাচনি প্রশ্ন

    নিজে করো: চিত্র ১১.১৮

    ১১.১৮(a): D বিন্দু ভূমিসংলগ্ন হলে A, B, C ও D বিন্দুতে বিভব কত? I কত?

    6 V ব্যাটারি; R₁ = 2Ω, R₂ = 3Ω, R₃ = 7Ω শ্রেণিতে, মোট 12 Ω। I = 6/12 = 0.5 A। D = 0, A = 6 V; R₁-এ কমে 2 × 0.5 = 1 V → B = 5 V; R₂-এ কমে 1.5 V → C = 3.5 V; R₃-এ কমে 3.5 V → D = 0 ✓।

    ১১.১৮(a): D-এর বদলে C বিন্দু ভূমিসংলগ্ন হলে বিভব কত? I কত?

    I একই থাকে, 0.5 A — বিভবের মান বদলায়, পার্থক্য নয়। C = 0; D = C − 3.5 = −3.5 V; A = D + 6 = 2.5 V; B = 2.5 − 1 = 1.5 V।

    ১১.১৮(b): D বিন্দু ভূমিসংলগ্ন হলে A, B, C ও D বিন্দুতে বিভব কত?

    3 V ব্যাটারি; R₂ + R₃ = 1 + 1 = 2 Ω, যা R₄ = 2 Ω-এর সাথে সমান্তরালে: 1/R = 1/2 + 1/2 ⇒ 1 Ω। মোট রোধ R₁ + 1 = 3 Ω, I = 3/3 = 1 A। D = 0, A = 3 V; R₁-এ কমে 2 V → B = 1 V। B থেকে দুই শাখায় 0.5 A করে; R₂-এ কমে 0.5 V → C = 0.5 V; D = 0 ✓।

    সৃজনশীল প্রশ্ন

    ১। পড়ার সময় আলভি 220 V – 100 W-এর একটি বাতি দৈনিক ৩ ঘণ্টা করে ব্যবহার করে। অন্যদিকে তার ভাই আলিফ 220 V – 40 W-এর একটি টেবিল ল্যাম্প দৈনিক 4 ঘণ্টা করে ব্যবহার করে। প্রতি ইউনিট বিদ্যুৎ শক্তির মূল্য 6 টাকা।

    1. ক. ও'মের সূত্রটি লেখ।

      তাপমাত্রা স্থির থাকলে কোনো পরিবাহীর ভেতর দিয়ে প্রবাহিত বিদ্যুৎ তার দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক: I ∝ V, অর্থাৎ I = V/R, যেখানে R পরিবাহীর রোধ।

    2. খ. নির্দিষ্ট তাপমাত্রা, উপাদান ও প্রস্থচ্ছেদের পরিবাহকের দৈর্ঘ্য 5 গুণ বড় করলে রোধের কী পরিবর্তন হবে ব্যাখ্যা করো।

      R = ρL/A। তাপমাত্রা ও উপাদান একই বলে ρ একই, প্রস্থচ্ছেদ A-ও একই। তাই R ∝ L — দৈর্ঘ্য 5 গুণ হলে রোধও 5 গুণ হবে। কারণ লম্বা পথে ইলেকট্রনকে আরো বেশি পরমাণুর কাঁপাকাঁপির ভেতর দিয়ে যেতে হয়, বাধা বাড়ে।

    3. গ. আলিফের বাতির প্রবাহমাত্রা নির্ণয় করো।

      P = VI ⇒ I = P/V = 40 W / 220 V = 0.18 A (প্রায়)।

    4. ঘ. আর্থিক দিক বিবেচনায় আলভি ও আলিফের মধ্যে কে মিতব্যয়ী? গাণিতিক যুক্তিসহ বিশ্লেষণ করো।

      দৈনিক ব্যয়িত শক্তি = P × t / 1000 ইউনিট।
      আলভি: 100 × 3 / 1000 = 0.3 ইউনিট → 0.3 × 6 = 1.80 টাকা।
      আলিফ: 40 × 4 / 1000 = 0.16 ইউনিট → 0.16 × 6 = 0.96 টাকা।
      ৩০ দিনে আলভির 9 ইউনিট = 54 টাকা, আলিফের 4.8 ইউনিট = 28.80 টাকা।
      আলিফ বেশি সময় বাতি জ্বাললেও তার বাতির ক্ষমতা অনেক কম, তাই খরচ প্রায় অর্ধেক — আলিফ মিতব্যয়ী। ওপরের "বিদ্যুৎ বিল হিসাব" কার্ডে দুটি প্রিসেট দিয়ে মিলিয়ে নাও।

    ২। আমাদের দেশে বিদ্যুৎ সরবরাহ লাইনের তড়িৎ চালক শক্তি 220 ভোল্ট। একটি বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্টের রোধ 484 ও'ম। বাল্বের গায়ে লেখা আছে 220 V-100 W।

    1. ক. অ্যাম্পিয়ারের সংজ্ঞা দাও।

      কোনো পরিবাহীর যেকোনো প্রস্থচ্ছেদ দিয়ে প্রতি সেকেন্ডে এক কুলম্ব চার্জ প্রবাহিত হলে সেই বিদ্যুৎপ্রবাহকে এক অ্যাম্পিয়ার বলে (1 A = 1 C/s)।

    2. খ. একটি ড্রাইসেলের তড়িচ্চালক শক্তি 1.5 V বলতে কী বোঝায়?

      ড্রাইসেলটি 1 C চার্জকে তার কম বিভবের প্রান্ত থেকে বেশি বিভবের প্রান্তে আনতে 1.5 J কাজ করে (EMF = W/Q) — অর্থাৎ সেলটি তার দুই প্রান্তে 1.5 V বিভব পার্থক্য তৈরি করে, যা সার্কিটে চার্জকে ঘুরিয়ে আনে।

    3. গ. বাল্বটি সরবরাহ লাইনে সংযুক্ত করা হলে তড়িৎ প্রবাহ কত হবে তা নির্ণয় করো।

      ও'মের সূত্রে I = V/R = 220 V / 484 Ω = 0.45 A (প্রায়)।

    4. ঘ. বাল্বের গায়ে লেখা 220 V-100 W-এর সত্যতা যাচাইয়ে একটি পরীক্ষণ প্রস্তাব করো।

      তত্ত্ব: P = V²/R = 220²/484 = 100 W — হিসাব মিলে যায়।
      পরীক্ষণ: বাল্বটিকে 220 V সরবরাহের সাথে যুক্ত করি; বাল্বের সাথে শ্রেণিতে একটি অ্যামিটার আর বাল্বের দুই প্রান্তে সমান্তরালে একটি ভোল্টমিটার লাগাই। ভোল্টমিটারে প্রায় 220 V আর অ্যামিটারে প্রায় 0.45 A পেলে P = VI = 220 × 0.45 ≈ 100 W — বাল্বের লেখা সত্য। বিকল্পভাবে বাল্বটিকে এক ঘণ্টা জ্বালিয়ে মিটারে 0.1 ইউনিট (100 Wh) খরচ হয় কি না দেখা যায়। (সাবধানতা: 220 V-এর পরীক্ষা শিক্ষক বা অভিজ্ঞ কারো উপস্থিতিতে করবে।)

    সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন

    ১। দূর-দূরান্তে বিদ্যুৎ সরবরাহ করার জন্য উচ্চ ভোল্টেজ প্রয়োগ করা হয় কেন?

    তারের রোধ R-এ প্রতি সেকেন্ডে I²R তাপ হিসেবে শক্তি নষ্ট হয়। পাঠানো ক্ষমতা P = VI, তাই ভোল্টেজ দশ গুণ বাড়ালে একই ক্ষমতা দশ গুণ কম কারেন্টে পাঠানো যায়, আর অপচয় (I²R) হয় একশ গুণ কম। তাই সিস্টেম লস কমাতে স্টেপ আপ ট্রান্সফর্মার দিয়ে উচ্চ ভোল্টেজে সঞ্চালন করে গ্রাহকের কাছে স্টেপ ডাউন করা হয়।

    ২। ও'মের সূত্র ব্যাখ্যা করো।

    তাপমাত্রা স্থির থাকলে কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য যত বেশি, তার ভেতর দিয়ে বিদ্যুৎপ্রবাহ তত বেশি: I ∝ V, বা I = V/R। বিভব পার্থক্য উল্টে দিলে প্রবাহও দিক বদলায়। I–V লেখচিত্র মূলবিন্দুগামী সরলরেখা; ঢাল 1/R — রোধ বেশি হলে ঢাল কম, একই বিভবে প্রবাহ কম।

    ৩। তাপমাত্রা বাড়লে পরিবাহীর রোধ বাড়ে কেন? ব্যাখ্যা করো।

    পরিবাহীর রোধ হলো ইলেকট্রন প্রবাহের বাধা। তাপমাত্রা বাড়লে পরিবাহীর অণু-পরমাণু নিজের জায়গায় আরো জোরে কাঁপাকাঁপি করে; মুক্ত ইলেকট্রনগুলো তাদের ভেতর দিয়ে যেতে আরো বেশি বাধা পায়। তাই আপেক্ষিক রোধ ও রোধ বেড়ে যায়।

    ৪। তড়িতের সিস্টেম লস বলতে কী বোঝায়?

    বিদ্যুৎকেন্দ্র থেকে সাবস্টেশন হয়ে গ্রাহক পর্যন্ত বিদ্যুৎ বিতরণের পরিবাহী তারের কিছু রোধ থাকে। সেই রোধে বিদ্যুৎ প্রবাহিত হলে সব সময় I²R তাপ উৎপন্ন হয় — এভাবে পথে যে বিদ্যুৎশক্তির লস বা ক্ষয় হয় তাকে সিস্টেম লস বলে। উচ্চ ভোল্টেজে সঞ্চালন করে এটি কমানো হয়।

    বইয়ে নমুনা প্রশ্নের উত্তর দেওয়া নেই — এখানকার সমাধান আমাদের। শিক্ষকের সাথে মিলিয়ে নিও।

    এক নজরে অধ্যায় ১১

    • বিভব পার্থক্য থাকলেই চার্জ প্রবাহিত হয়; ব্যাটারি ও জেনারেটর পার্থক্য বজায় রাখে। EMF = W/Q।
    • পরিবাহী (মুক্ত ইলেকট্রন), অপরিবাহী (নেই), অর্ধপরিবাহী (সিলিকন, জার্মেনিয়াম; তাপে পরিবহন বাড়ে)।
    • I = Q/t, একক অ্যাম্পিয়ার; বিদ্যুৎপ্রবাহের দিক ইলেকট্রন প্রবাহের উল্টো।
    • ও'মের সূত্র I = V/R; 1 Ω = 1 V/1 A। R = ρL/A, σ = 1/ρ; তাপে পরিবাহীর রোধ বাড়ে, সেমিকন্ডাক্টরের কমে।
    • শ্রেণিতে R = R₁ + R₂ + …; সমান্তরালে 1/R = 1/R₁ + 1/R₂ + …; সার্কিটে চার্জের সৃষ্টি-ধ্বংস নেই।
    • P = VI = I²R = V²/R; ১ ইউনিট = ১ kWh; বিল = (P × t/1000) × দর।
    • উচ্চ ভোল্টেজে সঞ্চালনে সিস্টেম লস কম (স্টেপ আপ, স্টেপ ডাউন); চাহিদা বেশি হলে লোডশেডিং।
    • নিরাপত্তা: অক্ষত আস্তরণ, ভালো সংযোগ, পানি থেকে দূরে, ফিউজ ও সার্কিট ব্রেকার, সুইচ লাইভ তারে, গ্রাউন্ড।

    তথ্যসূত্র: জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (NCTB), নবম-দশম শ্রেণি পদার্থবিজ্ঞান (২০২৬), একাদশ অধ্যায়।